প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৯ নেতাসহ গ্রেপ্তার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৯ নেতাসহ গ্রেপ্তার ২২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবনের অভিযোগে ৯ জন, মাদক ব্যবসার অভিযোগে একজন, বৈষম্যবিরোধী মামলায় তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন, দস্যুতার অভিযোগে একজন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে রয়েছেন সাদীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. কাদির, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রমিজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন বকুল এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কালাম, সাদীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এবং নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন।
পুলিশের দাবি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দস্যুতা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নয়া নারায়ণগঞ্জ